ডাকঘর : লক্ষ্মীপুর-৩৭০০, উপজেলা : লক্ষ্মীপুর সদর, জেলা : লক্ষ্মীপুর।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সবার জন্য শিক্ষা অর্জন একটি জন্মগত ও মৌলিক অধিকার। এই অধিকার যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমেই বিশ্বের বহু দেশ আজ উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আধুনিক ও প্রতিযোগিতামূলক এই যুগের সাথে তাল মিলিয়ে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা আমরা সবাই ভাবি। প্রকৃতির সন্তান মানবশিশুকে পরিশুদ্ধ ও পরিপূর্ণ হতে হয় তার নিজস্ব সাধনায়, আর এই সাধনার মূলমন্ত্রই হলো শিক্ষা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং শিক্ষার্থীর আচরণের ইতিবাচক ও কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজন যোগ্য শিক্ষকমণ্ডলী, যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি এবং একটি শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ। আমি অত্যন্ত বিনয় ও গর্বের সাথে বলতে চাই, ঐতিহ্যবাহী ‘লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়’-এ এই সবকিছুর এক অপূর্ব সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সহজ ও স্বতঃস্ফূর্ত বিকাশের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি রয়েছে কম্পিউটার শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং নানাবিধ সহপাঠ্যক্রমিক কার্যক্রম। আপনাদের সন্তানদের একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়তে আমরা বদ্ধপরিকর।
ধন্যবাদান্তে,
খোদেজা খাতুন
প্রধান শিক্ষক
লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়